গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী 'ফ্যামিলি কার্ড' কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ নিশ্চিত করার উদ্দেশ্যে শেরপুরে এক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
আজ ১২ অক্টোবর (সোমবার) শেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব ও বক্তব্য রাখেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।
প্রেস কনফারেন্স চলাকালে শেরপুর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি। এ সময় সারাদেশের ন্যায় শেরপুরেও ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্দেশ্য, বাস্তবায়ন প্রক্রিয়া এবং সঠিক তথ্য সংগ্রহের বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়।
জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন তাঁর বক্তব্যে বলেন, "ফ্যামিলি কার্ডের প্রকৃত সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে মাঠপর্যায়ে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ এবং তা যাচাই-বাছাই করা অত্যন্ত জরুরি। কোনো যোগ্য পরিবার যেন এই সুবিধা থেকে বঞ্চিত না হয় এবং তথ্যে যেন কোনো প্রকার ভুল না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে হবে।"
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো: শাকিল আহমেদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জনাব মো: কামরুজ্জামান খান এবং শেরপুর প্রেসক্লাবের সভাপতি জনাব কাকন রেজা।
এছাড়া প্রেস কনফারেন্সে শেরপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। সাংবাদিকেরা কর্মসূচির সফল বাস্তবায়নে তথ্য প্রচার ও সচেতনতা বৃদ্ধিতে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সদ্য সংবাদ/এসএস