জাতীয় কন্যাশিশু দিবসকে কেন্দ্র করে লালমনিরহাটের আল-নাহিয়ান শিশু পরিবারের নিবাসীদের জন্য আনন্দঘন আয়োজন করেছে লেডিস ক্লাব। শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার পাশাপাশি তাদের নিয়ে প্রীতিভোজের আয়োজন করা হয়। ব্যতিক্রমী এ উদ্যোগে শিশুদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
সোমবার (১২ অক্টোবর) দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিশুদের নতুন পোশাক উপহার দেন অতিথিরা। পরে একসঙ্গে খাবার খাওয়ার মধ্য দিয়ে আয়োজনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজকেরা কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা ও স্বাবলম্বী হয়ে ওঠার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য আনন্দময় পরিবেশ তৈরিতে সামাজিক উদ্যোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তাঁরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা ক্রীড়া সংস্থা ও লেডিস ক্লাবের সভাপতি উম্মে জাকিয়া।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এবং জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক।
অনুষ্ঠানে আরও অংশ নেন লেডিস ক্লাবের সহসভাপতি মুনিরা বেগম, মোসা. সুমি খাতুন ও শাহরিমা জান্নাতি এবং জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আঞ্জুমান আরা শাপলাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকেরা মনে করেন, এ ধরনের উদ্যোগ শিশুদের মুখে হাসি ফোটানোর পাশাপাশি কন্যাশিশুর অধিকার ও সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে সহায়ক হবে।
সদ্য সংবাদ/এসএস