গাজীপুরে অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস সরবরাহের অভিযোগে ছয়টি সিএনজি স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে স্টেশনগুলোকে মোট ২ কোটি ২৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিটের অভিযানে এসব ব্যবস্থা নেওয়া হয়।
দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের পক্ষ থেকে জানানো হয়েছে, গাজীপুরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং বিস্ফোরক পরিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তা ও সিএনজি স্টেশনের সংশ্লিষ্ট ব্যক্তিদের যোগসাজশে অবৈধভাবে সিলিন্ডারের মাধ্যমে গ্যাস সরবরাহ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে অভিযান চালানো হয়।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়, গাজীপুরের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ার পর দুদক দলের উপস্থিতিতে তিতাস গ্যাস ও বিস্ফোরক আইন অনুযায়ী ছয়টি সিএনজি স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং জরিমানা করা হয়।
অভিযানে পাওয়া তথ্যের ভিত্তিতে এ অনিয়মের সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের সংশ্লিষ্টতা যাচাই করে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে দুদক।
এদিকে একই দিন ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগীদের হয়রানি, দালালদের মাধ্যমে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো এবং কর্মী নিয়োগ ও চিকিৎসাসামগ্রী কেনাকাটায় অনিয়মের অভিযোগে আরেকটি অভিযান চালিয়েছে দুদক।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরের একটি এনফোর্সমেন্ট দল এ অভিযান পরিচালনা করে। অভিযানের শুরুতে দলটি ছদ্মবেশে হাসপাতালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে। এ সময় হাসপাতালে দালালদের উপস্থিতি রয়েছে বলে দলের কাছে প্রতীয়মান হয়। তবে দুদকের দলের উপস্থিতি টের পেয়ে দালালচক্রের সদস্যরা পালিয়ে যান।
পরে হাসপাতালের উপপরিচালকের উপস্থিতিতে রান্নাঘর, বিভিন্ন ওয়ার্ড, ক্যাথেটারাইজেশন ল্যাব (ক্যাথে ল্যাব) ও স্টোররুম পরিদর্শন করা হয়। এ সময় বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগী ও তাঁদের স্বজনেরা হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীদের সেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
দুদকের দলটি হাসপাতালের ক্যাথে ল্যাব স্থাপন এবং এমএসআর (মেডিকেল সার্জিক্যাল রিকুইজিট) সামগ্রী কেনাকাটায় বিভিন্ন ধরনের অনিয়ম দেখতে পায়। এ ছাড়া আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মী নিয়োগেও অনিয়মের অভিযোগ রয়েছে।
এসব অভিযোগের বিষয়ে অধিকতর যাচাইয়ের জন্য ক্যাথে ল্যাব স্থাপন, আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মী নিয়োগ ও এমএসআর সামগ্রী কেনাকাটার নথিপত্র সংগ্রহ করেছে দুদকের দল। নথিপত্র বিস্তারিত পর্যালোচনা করে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
সদ্য সংবাদ/ এআর