মাদারীপুরে জেলা ও দায়রা জজের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে শহরের শকুনি লেকসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। একই দিন বিকেলে ওই এলাকার মুক্তমঞ্চে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ হওয়ার কথা থাকায় ঘটনাটি ঘিরে উদ্বেগ দেখা দিয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, বিকেল ৪টায় নির্ধারিত সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহসহ দলের শীর্ষ নেতাদের অংশ নেওয়ার কথা রয়েছে।
সমাবেশের কয়েক ঘণ্টা আগে বিচারকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে সমাবেশকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্তের মাধ্যমে ঘটনার কারণ ও জড়িতদের শনাক্ত করা প্রয়োজন।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এনসিপির সমাবেশস্থলে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
সদ্য সংবাদ/এসকে