কিশোরগঞ্জের কটিয়াদীতে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা জামায়াতে ইসলামী। প্রয়াত ওয়ার্ড বিএনপি সভাপতি মো. সাইফুল ইসলামের স্ত্রী ঝুমা আক্তারের হাতে জীবিকা নির্বাহের সুযোগ তৈরির লক্ষ্যে একটি সেলাইমেশিন তুলে দিয়েছেন দলটির স্থানীয় নেতারা।
মঙ্গলবার বিকেলে উপজেলার বনগ্রাম ইউনিয়নের উত্তর জামষাইট গ্রামে সাইফুল ইসলামের বাড়িতে গিয়ে এ উপহার পৌঁছে দেওয়া হয়। স্বামীকে হারানোর পর পরিবারের আর্থিক সংকট মোকাবিলায় ঝুমা আক্তারকে স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম বনগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন। তার মৃত্যুর পর স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে পরিবারটি আর্থিক অনিশ্চয়তার মুখে পড়ে। এ পরিস্থিতিতে পরিবারের আয়ের পথ তৈরি করতে সেলাইমেশিন দেওয়ার উদ্যোগ নেয় উপজেলা জামায়াতে ইসলামী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, বনগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি অধ্যাপক মাওলানা আবু ইছা, ইউনিয়ন প্রচার সেক্রেটারি হাফিজুর রহমান, ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা মো. ইদ্রিস আলী, পেশাজীবী ইউনিয়নের সভাপতি মো. কামাল উদ্দিন এবং স্থানীয় সমাজসেবক চেরাগ আলী ও মো. মিজানুর রহমানসহ অন্যরা।
সেলাইমেশিন হস্তান্তরের পর প্রয়াত সাইফুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন ঝুমা আক্তার। তিনি বলেন, তার স্বামী বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও জামায়াতে ইসলামী দলীয় পরিচয় বিবেচনা না করে তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে। তিন মেয়েকে নিয়ে সংসার চালানোর ক্ষেত্রে এই সেলাইমেশিন তার জন্য বড় সহায়তা হবে বলে আশা করছেন তিনি।
ঝুমা আক্তারের ভাষ্য, মানুষের বিপদে সহযোগিতার ক্ষেত্রে রাজনৈতিক বিভেদ থাকা উচিত নয়। জামায়াতের এই উদ্যোগকে মানবিক সহায়তা হিসেবে উল্লেখ করে তিনি সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
স্থানীয় পর্যায়ে এ উদ্যোগ রাজনৈতিক ভিন্নতা সত্ত্বেও অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর একটি দৃষ্টান্ত হিসেবে সামনে এসেছে।