নেত্রকোনার সদর উপজেলার মৌগাতি ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের চুঁচুয়া শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের বারান্দার একটি কক্ষে রাখা দুটি মোটরসাইকেল ও কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। এ ঘটনায় দুর্বৃত্তদের জড়িত থাকার সন্দেহ করছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে ব্যাংকের শাখাটিতে আগুনের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চুঁচুয়া শাখার ব্যবস্থাপক মঞ্জু আহমেদ।
ব্যাংক কর্তৃপক্ষের ধারণা, পেট্রল ঢেলে আগুন লাগানো হয়ে থাকতে পারে। ঘটনার সময় শাখাটির নিয়মিত নিরাপত্তাকর্মী আবদুর রহমান ছুটিতে ছিলেন। তাঁর পরিবর্তে দায়িত্ব পালন করা ব্যক্তি আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দাদের খবর দেন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
শাখা ব্যবস্থাপক জানান, অগ্নিকাণ্ডে দুটি মোটরসাইকেল ও কিছু কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলের কাছ থেকে কয়েকটি খালি বোতল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পেট্রল ব্যবহার করে আগুন লাগানোর সন্দেহ করা হলেও ঘটনার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।
পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সদ্য সংবাদ/এসএস