বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পায়ের নিচে রেখে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের ঘটনায় সাংগঠনিক পদ হারিয়েছেন নোয়াখালীর বাঁধের হাট আব্দুল মালেক উকিল ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি হাসিবুল ইসলাম মারুফ। বহিষ্কারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সংগঠনের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে নিজের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের পেছনে রাজনৈতিক বিরোধের অভিযোগও তুলেছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে বহিষ্কারসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেন মারুফ। নোয়াখালী জেলা ছাত্রদলের সিদ্ধান্তে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহানের অনুমোদনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বহিষ্কারের পর দেওয়া বক্তব্যে মারুফ দাবি করেন, চাঁদাবাজি, অনৈতিক কর্মকাণ্ড কিংবা মাদকাসক্তির মতো অভিযোগ থাকলেও তার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হতো না। বরং ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা এবং রবীন্দ্রনাথকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণেই তাকে বহিষ্কার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
নিজের সাংগঠনিক কর্মকাণ্ডের বিবরণ দিতে গিয়ে মারুফ বলেন, কলেজে ছাত্রদলের কার্যক্রম সচল রাখতে তিনি ব্যক্তিগত উদ্যোগে কাজ করেছেন। কমিটির অন্য সদস্যদের অনুপস্থিতিতে কয়েকজন কর্মীকে সঙ্গে নিয়ে নিজের অর্থ ব্যয় করে সাংগঠনিক কার্যক্রম চালানোর দাবি করেন তিনি। তার অভিযোগ, কমিটি গঠনের পর সাধারণ সম্পাদক এক দিনও কলেজে আসেননি।
শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর বিষয়টিও নিজের পক্ষে তুলে ধরেছেন বহিষ্কৃত এই নেতা। তার ভাষ্য, কলেজের কোনো শিক্ষার্থী সমস্যায় পড়লে তিনি একাই ছাত্রদলের পক্ষ থেকে সহযোগিতার চেষ্টা করতেন। দলীয় পরিচয় বিবেচনা না করে নিজের সামর্থ্য অনুযায়ী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন বলেও দাবি করেন তিনি।
রাজনীতির মাধ্যমে কোনো আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ অস্বীকার করে মারুফ বলেন, রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বৈধ বা অবৈধ কোনো উপায়ে অর্থ উপার্জন করেননি তিনি। ভবিষ্যতে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন বলেও ফেসবুক পোস্টে উল্লেখ করেন।
বহিষ্কারের পেছনে দলীয় অভ্যন্তরীণ বিরোধের অভিযোগ তুলে মারুফ দাবি করেন, অন্যায়ের প্রতিবাদ করা এবং সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে সমঝোতা করে না চলার কারণেও তাকে সাংগঠনিক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পোস্টের একপর্যায়ে নোয়াখালী জেলা ছাত্রদলকে নিয়েও কটূক্তি করেন তিনি।
অন্যদিকে, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. মহসিন রিয়াজ জানিয়েছেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই মারুফকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে জানান তিনি।
সদ্য সংবাদ/এসএস