শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ১৯টি পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার ও বিশেষ নজরদারির ওপর গুরুত্ব দেওয়া হয়।
বুধবার (১৪ অক্টোবর) সকালে ঝিনাইগাতী থানা পুলিশের উদ্যোগে থানা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. নূর মোহাম্মদ। বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শাহজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান, বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্টের ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি গোপাল সেন গুপ্ত, সাধারণ সম্পাদক বরেন্দ্র কোচ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক জীবন কুমার চক্রবর্তী এবং উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নীল মাধব হাজং প্রমুখ।
বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব নির্বিঘ্ন ও আনন্দমুখর করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পূজাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
সভায় উপজেলার ১৯টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং স্থানীয় স্বেচ্ছাসেবক দল গঠন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি প্রতিটি মণ্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা ও নজরদারি বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
মতবিনিময় সভায় বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতারা, সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত নেতারা শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপনে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সদ্য সংবাদ/ এআর