চট্টগ্রামের মিরসরাই উপজেলার ছোটফরিংগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪৮৪টি ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা শাড়িগুলোর আনুমানিক সিজার মূল্য ১৯ লাখ ৩৬ হাজার টাকা।
বুধবার (১৪ অক্টোবর) উপজেলার ছোটফরিংগা বিওপির সীমান্ত এলাকায় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান চালায়। সীমান্ত পিলার ২২০৩/২-আরবি থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নয়াটিলা মাজারসংলগ্ন পাহাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪৮৪টি ভারতীয় শাড়ি জব্দ করা হয়। শাড়িগুলোর আনুমানিক সিজার মূল্য ১৯ লাখ ৩৬ হাজার টাকা। জব্দ করা মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ ও অবৈধ পণ্যের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। এ ছাড়া সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী জনগণের সক্রিয় সহযোগিতাও কামনা করেছে বিজিবি।
সদ্য সংবাদ/ এআর