কুমিল্লা নগরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দলীয় কার্যালয়ের সামনে মহানগর জামায়াতের সেক্রেটারির একটি গাড়ি ভাঙচুর করা হয়। পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় নগরীর গাংচর এলাকার ফারুকী হাউসের সামনে জামায়াতের দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহানগর জামায়াতের নেতাদের মধ্যে বেশ কয়েক দিন ধরে অভ্যন্তরীণ বিরোধ চলছিল। মহানগর কমিটির ভবিষ্যৎ পদ-পদবি বণ্টন এবং কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে এ দ্বন্দ্বের সূত্রপাত। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও সমালোচনা চলছিল।
বুধবার সন্ধ্যায় এসব বিষয় নিয়ে দলীয় কার্যালয়ে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে একটি গাড়ি ভাঙচুর করা হয় এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ বিষয়ে বক্তব্য জানতে দলীয় কার্যালয়ের সামনে থাকা একাধিক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা কথা বলতে রাজি হননি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, দলীয় অভ্যন্তরীণ বিরোধের জেরে সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে কেউ আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
সদ্য সংবাদ/ এআর