গাজীপুরের শ্রীপুরে এক মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। প্রায় এক ঘণ্টা অবরোধের পর পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এতে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুরের মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় সি স্টেজ বিডি লিমিটেড পোশাক কারখানার শ্রমিকেরা এ কর্মসূচি পালন করেন। সকাল সাড়ে ৯টার দিকে অবরোধ তুলে দেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
শ্রমিকদের অভিযোগ, গত সেপ্টেম্বর মাসের বেতন এখনো পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। এ বেতন পরিশোধের দাবিতে গত ১০ অক্টোবরও তাঁরা আন্দোলন করেন। তখন কর্তৃপক্ষ ১৩ অক্টোবর বকেয়া বেতন দেওয়ার আশ্বাস দিয়েছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বেতন না পাওয়ায় তাঁরা আবারও আন্দোলনে নামতে বাধ্য হন।
শ্রমিকেরা জানান, কারখানা কর্তৃপক্ষের কাছে বারবার বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়েও সমাধান পাননি তাঁরা। একপর্যায়ে বৃহস্পতিবার সকালে মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং যাত্রী ও চালকদের ভোগান্তিতে পড়তে হয়।
খবর পেয়ে শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বেতন সমস্যার সমাধানের প্রস্তাব দেন। তবে শ্রমিকেরা মহাসড়ক ছাড়তে রাজি না হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।
গাজীপুর শিল্প পুলিশ-২- এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে সি স্টেজ বিডি লিমিটেডের শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছিলেন। তাঁদের মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়ে সড়ক ছেড়ে যেতে অনুরোধ করা হয়। কিন্তু তাঁরা অবরোধ অব্যাহত রাখায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বেতনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং মেশিনপত্র সরিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন শ্রমিকেরা। তবে মেশিনপত্র সরিয়ে নেওয়ার অভিযোগ সঠিক নয় বলে জানিয়েছেন শিল্প পুলিশের এই কর্মকর্তা।
এ বিষয়ে বক্তব্য জানতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।
সদ্য সংবাদ/এসকে