ঘোষিত ঢাকা, খুলনা ও কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায় মুন্সীগঞ্জ শহরের কৃষি ব্যাংকসংলগ্ন শহীদি চত্বর এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখার আমির মাওলানা আ. জ. ম. রুহুল কুদ্দুস।
সভায় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারী, জেলা সেক্রেটারি মাওলানা এ কে এম ফখরুদ্দিন রাজি এবং সহকারী জেলা সেক্রেটারি মো. আব্দুল মালেক। এ ছাড়া জেলা কর্মপরিষদের সদস্য ও মুন্সীগঞ্জের বিভিন্ন উপজেলার শীর্ষস্থানীয় নেতারা সভায় অংশ নেন।
সভায় আসন্ন লংমার্চের সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং ঘোষিত কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়।
লংমার্চ সফল করতে উপস্থিত নেতাকর্মীদের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি মাঠপর্যায়ে সাংগঠনিক তৎপরতা জোরদার করা এবং সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে লংমার্চের কর্মসূচি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে সংগঠনের সব স্তরের নেতাকর্মী ও সমর্থকদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
সদ্য সংবাদ/এআর