সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকচালক ও তাঁর সহযোগীদের অস্ত্রের মুখে জিম্মি করে ৪০০টি গ্যাস সিলিন্ডার লুটের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ডাকাতি হওয়া ৪৮টি সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া জব্দ করা হয়েছে একটি মিনি ট্রাক।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান। এর আগে বুধবার রাতে বগুড়া জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়ার শাহজাহানপুর উপজেলার ট্রাকচালক মহিদুল ইসলাম (২৬), তাঁর সহকারী সাকিব হোসেন (২০) এবং বগুড়া সদর উপজেলার গোলাম মোস্তফা (৪৬)।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর রাত ৩টার দিকে রায়গঞ্জ উপজেলার চকনুর গ্রামের তালুকদার ফিলিং স্টেশন থেকে বিভিন্ন কোম্পানির ৪০০টি গ্যাস সিলিন্ডার নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে একটি ট্রাক।
পথে রৌহা ব্রিজ এলাকায় পৌঁছালে ১৫ থেকে ১৬ জনের একটি দল ট্রাকটির গতিরোধ করে। ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে চালক আসিফ ও তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের জিম্মি করে ট্রাকটির নিয়ন্ত্রণ নেয় তারা।
পরে ভোর ৪টার দিকে ষোলমাইল এলাকায় নির্জন সড়কে ট্রাকটি থামিয়ে ডাকাত দলের সদস্যরা অন্য দুটি মিনি ট্রাকে সব গ্যাস সিলিন্ডার তুলে নিয়ে যায়। এ সময় চালক ও তাঁর সহকারীদের কাছ থেকে তিনটি মুঠোফোন এবং নগদ ৮৬ হাজার টাকাও ছিনিয়ে নেওয়া হয়।
এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ডিক্রিরচর (গোপচর) এলাকার বাসিন্দা মোহাম্মদ শফিউল্লাহ (৩০) বাদী হয়ে রায়গঞ্জ থানায় মামলা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান জানান, ১৪ অক্টোবর রাতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে লুট হওয়া ৪৮টি গ্যাস সিলিন্ডার উদ্ধার এবং একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, গ্যাস সিলিন্ডার ডাকাতির ঘটনায় গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সদ্য সংবাদ/এআর