পিরোজপুরের জিয়ানগরে টাকা ধার দেওয়াকে কেন্দ্র করে এক প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ কর্মী মো. মনির হোসেন ও তাঁর ছেলের বিরুদ্ধে। হামলায় ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল আহসান ইব্রাহিম (৫৫) গুরুতর আহত হয়েছেন। তাঁকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের গাজী বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষকের স্বজনদের ভাষ্য, প্রায় এক বছর আগে জমি বিক্রির পর মনির হোসেন তাঁর কাছ থেকে দেড় লাখ টাকা ধার নেন। বৃহস্পতিবার ওই টাকা ফেরত দেওয়ার কথা বলে মনির তাঁকে বাড়ির সামনে ডেকে নেন। সেখানে যাওয়ার পর মনির ও তাঁর ছেলে লোহার লাইট দিয়ে তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ করেছেন তাঁরা।
পরে স্থানীয় লোকজন আহত শিক্ষককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়দের দাবি, মনির হোসেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক মেয়র আবদুল মালেক হাওলাদারের পালকপুত্র ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন সময়ে তিনি বিএনপি ও জামায়াতের পরিচয় ব্যবহার করে চলাফেরা করছেন বলেও অভিযোগ তাঁদের।
তবে টাকা ধার নেওয়া বা পাওনার বিষয়টি অস্বীকার করেছেন মনির হোসেন। তাঁর দাবি, তিনি কারও কাছ থেকে কোনো টাকা নেননি। প্রথমে তাঁদের মধ্যে তর্কাতর্কি হয়। পরে উত্তেজনার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
এ বিষয়ে জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বাত খান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সদ্য সংবাদ/এসকে