মামুনুর রশিদ মামুন, ঠাকুরগাঁও প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। এ লক্ষ্যে রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি, টহল ও বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও জেলার ৪৭৮টি মন্দির ও পূজামণ্ডপে বিশেষ নজরদারি রাখা হবে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁওয়ের ফাড়াবাড়ি সার্বজনীন শ্রীশ্রী দুর্গামন্দিরে আয়োজিত এক বিশেষ প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসআরবি-১৩-এর কর্মকর্তারা। ব্রিফিংয়ে বক্তব্য দেন বাহিনীটির কোম্পানি কমান্ডার মেজর মো. কাওসার বাঁধন, পিএসসি এবং এএসপি মো. মনোয়ার হোসেন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, এ বছর রংপুর বিভাগে এসআরবি-১৩-এর আওতাধীন এলাকায় মোট ৫ হাজার ১৩৮টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঠাকুরগাঁও জেলায় রয়েছে ৪৭৮টি মন্দির ও পূজামণ্ডপ। এসব স্থানে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্যাপন নিশ্চিত করতে পর্যাপ্তসংখ্যক সদস্য মোতায়েন এবং প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে।
পূজাকে কেন্দ্র করে আগামী ২২ অক্টোবর পর্যন্ত গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার থাকবে। পাশাপাশি সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি চালানো হবে। স্থানীয় পূজা উদ্যাপন কমিটি, জনপ্রতিনিধি, প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবে এসআরবি-১৩।
কোনো পূজামণ্ডপে হামলা, ভাঙচুর, চুরি, ডাকাতি কিংবা অন্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়। যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে সংশ্লিষ্ট এলাকাগুলোতে সতর্ক নজরদারি অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা তথ্য ও উসকানিমূলক প্রচারণা ছড়িয়ে পড়া ঠেকাতে এসআরবি-১৩-এর সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে। কোনো ধরনের বিভ্রান্তিকর বা উসকানিমূলক তথ্য প্রচার না করতে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া কোনো তথ্য যাচাই না করে শেয়ার করা থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
ব্রিফিংয়ে আরও বলা হয়, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্যাপন কমিটি, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো সন্দেহজনক কার্যকলাপ বা নাশকতার আশঙ্কা দেখা দিলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্যও অনুরোধ জানানো হয়।
পরিশেষে সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে এসআরবি-১৩-এর পক্ষ থেকে বলা হয়, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব উদ্যাপনে সহায়তা করতে বাহিনীটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
সদ্য সংবাদ/এসকে