কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানির ঘটনায় প্রতিষ্ঠানটির ম্যানেজার মোহাম্মদ সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সুমনকে গ্রেপ্তারের পর থানায় নেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এর আগে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, আগুনের ঘটনায় ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ছয়জন চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এখন পর্যন্ত নিহতদের মধ্যে নয়জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে একই পরিবারের ছয়জন রয়েছেন। তাঁরা হলেন ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭), চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) এবং পাঁচ বছর বয়সী ফায়িজান আহম্মেদ।
এ ছাড়া নিহতদের মধ্যে রয়েছেন ঢাকার আশুলিয়ার স্বপ্নবিলাস নিরিবিলি স্কুলের শিক্ষক নাসরিন আক্তার মুক্তা (২৯)। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, নিহত আরও দুই পর্যটকের নাম জিহাদ হাওলাদার ও আকিবুল ইসলাম। তবে তাঁদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক আব্দুল মান্নান জানিয়েছেন, কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সদ্য সংবাদ/এসএস