শারদীয় দুর্গোৎসব উপলক্ষে লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী ৬৫টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে হাতীবান্ধা উপজেলা কেন্দ্রীয় মন্দির পরিদর্শনকালে এসব তথ্য জানান তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহিনুল ইসলাম।
তিনি বলেন, সীমান্ত থেকে আট কিলোমিটারের মধ্যে অবস্থিত পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি কাজ করছে। দুর্গোৎসব ঘিরে গত ১০ অক্টোবর থেকে নিরাপত্তা কার্যক্রমের প্রথম পর্ব শুরু হয়। এ সময় প্রতিটি পূজামণ্ডপ পরিদর্শন, আয়োজকদের সঙ্গে মতবিনিময় এবং মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের মাধ্যমে সম্ভাব্য ঝুঁকি যাচাই করা হয়। পাশাপাশি পুলিশ, এসআরবি, গোয়েন্দা সংস্থা ও সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হয়েছে।
তিনি আরও বলেন, ১৬ অক্টোবর থেকে নিরাপত্তা কার্যক্রমের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। ৬১ বিজিবির ১২ প্লাটুন সদস্য ১৪টি সীমান্তবর্তী বিওপি থেকে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া হাতীবান্ধা সদরে একটি বেইস ক্যাম্প স্থাপন করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল শাহিনুল ইসলাম বলেন, মোবাইল ফোর্স হিসেবে বিজিবি পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করছে। মাঠপর্যায়ের হালনাগাদ তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
সীমান্তবর্তী এলাকার সনাতন ধর্মাবলম্বীদের নির্ভয়ে উৎসব উদ্যাপনের আহ্বান জানিয়ে তিনি বলেন, হাতীবান্ধা ও পাটগ্রামে মানুষ উৎসবমুখর পরিবেশে পূজা উদ্যাপন করছেন। তাঁদের পাশে থেকে দায়িত্ব পালন করছে বিজিবি। এ সময় তিনি বিজিবির ওপর আস্থা রাখার আহ্বান জানান।
সদ্য সংবাদ/এসএস