হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ কর্মসূচি পালিত হয়েছে। এতে অংশ নিয়ে হাসপাতালের অপরিচ্ছন্ন টয়লেট ও বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা নিজ হাতে পরিষ্কার করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনের পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন তিনি। এ সময় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখতে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন সংসদ সদস্য।
আনিছুর রহমান তালুকদার খোকন বলেন, শুধু নিজের ঘর পরিষ্কার রাখলেই দায়িত্ব শেষ হয় না। সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকেও নিজেদের সম্পদ মনে করে যত্ন নিতে হবে। এসব প্রতিষ্ঠানের পরিবেশ পরিচ্ছন্ন ও ব্যবহার উপযোগী রাখতে সবার সচেতনতা প্রয়োজন।
তিনি আরও বলেন, সরকারি প্রতিষ্ঠানে সেবা নিতে গেলে সেগুলোকে নিজের বাড়ির মতো মনে করা উচিত। মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়া এবং বিপদে-আপদে তাদের পাশে থাকার যে লক্ষ্য প্রধানমন্ত্রী তারেক রহমান ধারণ করেন, সেই লক্ষ্য বাস্তবায়নে তাঁরাও কাজ করতে চান। এ জন্য জনগণের সচেতনতার পাশাপাশি সবার সহযোগিতাও জরুরি।
হাসপাতালের পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধের এ কর্মসূচিতে কালকিনি উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সরদারসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/এসএস