ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ মো. তামিম রানা (৩৫) নামে বিজিবির এক সিপাহীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর) বিকেলে পৌরসভার দেবগ্রাম নয়াবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া-মোগড়া বাজার সড়কে মা জননী স্টোরের সামনে অভিযান চালানো হয়। আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সামছুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশের আরও কয়েকজন সদস্য অংশ নেন।
গ্রেপ্তার তামিম রানা বর্তমানে রাঙ্গামাটি পার্বত্য জেলার বরকল বিওপিতে বিজিবির ৪৫ ব্যাটালিয়নের অধীনে সিপাহী পদে কর্মরত। তাঁর বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের নিকুরকান্দা গ্রামে।
পুলিশ জানিয়েছে, অভিযানের সময় তাঁর কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া একটি বিজিবির পরিচয়পত্র ও ভেগা ভি৭ মডেলের একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় তামিম রানার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম।
সদ্য সংবাদ/এসএস