ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মহিউদ্দিন আহমেদ মহিন।
রোববার সন্ধ্যায় উপজেলার কাইতলা দক্ষিণ ইউনিয়ন ও নাটঘর ইউনিয়নের ১০টি পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এসময় তিনি শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার বিভিন্ন খোঁজখবর নেন। পাশাপাশি বিএনপির এই নেতার ব্যক্তিগত পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা মহিউদ্দিন আহমেদ মহিন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাম্প্রদায়িক বিশ্বাসে বিশ্বাসী নয়, বরং অসাম্প্রদায়িক আদর্শে বিশ্বাসী। সনাতন সম্প্রদায়ের পাশে সরকার সবসময় ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি বজায় রাখা প্রয়োজন।
তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের সংসদ সদস্য আমাদের অভিভাবক অ্যাড. আব্দুল মান্নান এমপি নবীনগরে যতদিন এমপি থাকবেন ততদিন আপনারা নিজেদের সংখ্যা লগো মনে করবেন না। আমরা সবাই এ দেশের নাগরিক। ধর্মবর্ণ ভিন্নতা থাকলেও আমাদের অধিকার, মর্যাদা ও সামাজিক বন্ধন এক। প্রত্যেকের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা এবং শান্তিপূর্ণভাবে উৎসব পালন করতে পরিবেশ তৈরি করা আমাদের সকলের দায়িত্ব।
তিনি আরও বলেন, আমি আপনাদের সন্তান, আপনাদের সুখে দুঃখে পাশে থাকতে চাই। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছি। আপনারা আমার জন্য দোয়া ও আশীর্বাদ করবেন। দল যদি আমাকে মূল্যায়ন করে, আপনারা সকলে আমার জন্য কাজ করবেন সেই প্রত্যাশা করি। আমি নির্বাচিত হলে আপনাদের পাশে থেকে কাজ করবো ইনশাআল্লাহ।
এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/এসকে