চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ হাবিব (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর দুই বন্ধু নাঈম হোসেন ও সাজ্জাদুল ইসলাম। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ওচমানপুর ইউনিয়নের সাহেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিব ওচমানপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাহেবপুর এলাকার আমির আলী সওদাগর বাড়ির কাদেরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাবিব তাঁর দুই বন্ধুকে নিয়ে কাজের উদ্দেশ্যে মোটরসাইকেলে যাচ্ছিলেন। অন্যদিকে, কয়েকজন যাত্রী অটোরিকশায় করে পূজামণ্ডপ থেকে ফিরছিলেন। সাহেবপুর এলাকায় পৌঁছালে সড়কের একটি গর্তে পড়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় মোটরসাইকেলটির সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হাবিব নিহত হন এবং তাঁর দুই বন্ধু আহত হন।
স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাবিবকে মৃত ঘোষণা করেন। আহত দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ রাকিব হাসান বলেন, দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে হাবিবকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করা হয়। অন্য দুজনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ওচমানপুর এলাকায় দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হওয়ার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও মোটরসাইকেল থানার হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সদ্য সংবাদ/এআর