শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেরপুর পৌরসভার ৬২টি মন্দিরে ব্যক্তিগত উদ্যোগে নগদ অর্থ সহায়তা দিয়েছেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র প্রার্থী আবু রায়হান রুপম।
সোমবার (১৯ অক্টোবর) রাতে প্রতিটি মন্দিরে ২ হাজার টাকা করে মোট ১ লাখ ২৪ হাজার টাকা বিতরণ করা হয়। এ ছাড়া পর্যায়ক্রমে আরও ২০টি মন্দিরে নগদ অর্থ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন শেরপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক খালিদুজ্জামান আসিফ, শহর পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি প্রবাল সূত্রধর ও সাধারণ সম্পাদক তুষারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় আবু রায়হান রুপম বলেন, “সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে আরও প্রাণবন্ত ও উৎসবমুখর করে তুলতে আমার ব্যক্তিগত উদ্যোগে এই ক্ষুদ্র প্রচেষ্টা।”
তিনি আরও বলেন, প্রথম ধাপে পৌরসভার ৬২টি মন্দিরে অর্থ সহায়তা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও ২০টি মন্দিরে এ সহায়তা পৌঁছে দেওয়া হবে।
সদ্য সংবাদ/এসএস