পটুয়াখালীর কলাপাড়ায় নাশতা আনতে দেরি হওয়ায় লামিয়া (২৫) নামে এক ব্যক্তিগত সহকারীকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে ম্যাক্স হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক ডা. তাসলিমা ফেরদৌসী রিমার বিরুদ্ধে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ম্যাক্স হাসপাতালের ওই চিকিৎসকের চেম্বারে এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। পরে আহত লামিয়াকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, নাশতা আনতে দেরি হওয়াকে কেন্দ্র করে চিকিৎসক তাঁর ব্যক্তিগত সহকারীর ওপর চড়াও হন। একপর্যায়ে মোবাইল ফোন, পেপারওয়েট ও জুতা দিয়ে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ করেন তাঁরা।
ভুক্তভোগী লামিয়া বলেন, “নাশতা আনতে দেরি হওয়ায় আমাকে রুমে ডেকে আমার দিকে পেপারওয়েট ও মোবাইল ফোন ছুড়ে মারেন। পাশাপাশি জুতা দিয়েও পেটানো হয়। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
এ বিষয়ে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলতে রাজি হননি অভিযুক্ত চিকিৎসক। পরে তিনি হাসপাতাল থেকে বের হয়ে অটোরিকশায় করে ঘটনাস্থল ত্যাগ করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সদ্য সংবাদ/এআর