ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বল আনতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মোঃ হুজাইফা (২) ও মোঃ আকরাম (২) নামের যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত দুই শিশু মেরকুটা গ্রামের সৌদি প্রবাসী মোঃ আক্কাস মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে দুই শিশুসন্তান বাড়ির পাশে ফুটবল খেলছিল। সেই সময় খেলার বলটি পুকুরে পড়লে তারা বলটি আনতে গিয়ে এক পর্যায়ে পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর পুকুর পাড় দিয়ে পথচারী হেঁটে যাওয়ার সময় নিহত দুই শিশুর লাশ ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত দুই শিশুর চাচা মোঃ নোয়াব মিয়া জানান, আমার ভাইয়ের কোনো মেয়ে নেই, তার পাঁচ ছেলে। তাই সখ করে এক ছেলের নাম রেখেছেন মোঃ হুজাইফা। আজ সকালে পানিতে ডুবে হুজাইফা ও আকরাম নিহত হন। একই পরিবারের যমজ দুই ভাইয়ের মৃত্যুতে ওই পরিবার ও আশপাশের লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক কবরস্থানে তাদের লাশ দাফনের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা বা অভিযোগ করা হয়নি।
সদ্য সংবাদ/এসকে