রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাসামগ্রীর ঘাটতি নিরসন ও কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে কর্মবিরতিতে গেছেন ইন্টার্ন চিকিৎসকেরা। বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে ২৪ ঘণ্টা। এতে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসাসেবা ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগীরা।
হাসপাতাল সূত্রে জানা যায়, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাসেবা পরিচালনায় চাপ তৈরি হয়েছে। দূরবর্তী এলাকা থেকে আসা রোগী ও তাঁদের স্বজনেরা প্রয়োজনীয় সেবা পেতে সমস্যার মুখে পড়ছেন।
আন্দোলনরত চিকিৎসকদের দাবি, হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জামের ঘাটতি রয়েছে। একই সঙ্গে রোগীর স্বজনদের অবাধ যাতায়াত এবং নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের দায়িত্ব পালনে অবহেলার কারণে চিকিৎসকদের কর্মপরিবেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাঁদের অভিযোগ, দায়িত্ব পালন করতে গিয়ে প্রায়ই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও সংঘবদ্ধ হুমকির মুখোমুখি হতে হচ্ছে।
চিকিৎসকদের ভাষ্য, হাসপাতালের অবজারভেশন রুম ও ক্যাজুয়ালটি বিভাগ চালু না থাকায় ভর্তি ওয়ার্ডগুলোতে রোগীর চাপ বেড়েছে। পর্যাপ্ত জনবল ও প্রয়োজনীয় চিকিৎসাসরঞ্জামের অভাবে এই অতিরিক্ত চাপ সামাল দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাঁদের।
ইন্টার্ন চিকিৎসকেরা বলছেন, দীর্ঘদিন ধরে এসব সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কার্যকর উদ্যোগ দেখা যায়নি। দাবি বাস্তবায়নে কর্তৃপক্ষের পদক্ষেপ না থাকায় কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
এদিকে, কর্মবিরতি নিয়ে নিজেদের অবস্থান ও পরবর্তী কর্মসূচি তুলে ধরতে বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটি। সংগঠনটির সভাপতি ডা. এস এম তপু এ তথ্য নিশ্চিত করেছেন।
সদ্য সংবাদ/এসএস