নরসিংদীর মাধবদীতে একটি ডাইং কারখানায় বয়লার বিকল হওয়ার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুরুতর দগ্ধ পাঁচজনকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে কালীবাড়ি ডাইং অ্যান্ড ফিনিশিং মিলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানাটিতে বয়লার বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
প্রথমে মাধবদী বাজার ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. রায়হানের নেতৃত্বে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে নরসিংদী সদর থেকে আরও দুটি ইউনিট সেখানে যোগ দেয়।
নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শিমুল মো. রফি (পিএফএম) জানান, খবর পাওয়ার পর চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই দগ্ধ ব্যক্তিদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছিল বলে জানান তিনি।
সদ্য সংবাদ/এআর