অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বিমানের জ্বালানি জেট ফুয়েলের দাম আবারও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটারে জ্বালানিটির মূল্য বেড়েছে ১৭ টাকা ৬ পয়সা।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম কার্যকরের তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বিজ্ঞপ্তি অনুযায়ী, অক্টোবর মাসে দেশের অভ্যন্তরীণ রুটের ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১৮২ টাকা ৭১ পয়সা। সেপ্টেম্বরে এ জ্বালানির দাম ছিল এর চেয়ে ১৭ টাকা ৬ পয়সা কম। ফলে এক মাসের ব্যবধানে দাম বেড়েছে প্রায় ১০ দশমিক ৩০ শতাংশ।
অন্যদিকে, আন্তর্জাতিক রুটে চলাচলকারী উড়োজাহাজের জন্যও জেট ফুয়েলের মূল্য সমন্বয় করা হয়েছে। শুল্ক ও মূসক ছাড়া প্রতি লিটারের দাম ১ দশমিক ০৭৭০ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ১৮৮২ ডলার নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি জানিয়েছে, নতুন নির্ধারিত মূল্য ৭ অক্টোবর রাত ১২টা থেকে কার্যকর হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ দামই বহাল থাকবে।
সদ্য সংবাদ/এসএস