রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংক তিনটির পরিচালনা পর্ষদকে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানায়।
চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল হওয়া কর্মকর্তারা হলেন সোনালী ব্যাংকের মো. শওকত আলী খান, জনতা ব্যাংকের মো. মজিবর রহমান এবং রূপালী ব্যাংকের কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
অর্থ মন্ত্রণালয়ের জারি করা চিঠিতে জনতা ও রূপালী ব্যাংকের ক্ষেত্রে সরকারের সম্মতির বিষয়টি উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে চুক্তির শর্তাবলি ও প্রচলিত আইন অনুসরণ করে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে নির্দেশনা দেওয়া হয়েছে।
মো. শওকত আলী খান ২০২৪ সালের ৩০ অক্টোবর সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিন বছরের চুক্তিতে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছিল। সোনালী ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
অন্যদিকে, কাজী মো. ওয়াহিদুল ইসলামও তিন বছরের চুক্তিতে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেয়েছিলেন। আর মো. মজিবর রহমান জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তিন ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিলের সিদ্ধান্তের পর এখন সংশ্লিষ্ট পরিচালনা পর্ষদকে চুক্তির শর্ত ও প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিতে হবে।
সদ্য সংবাদ/এআর