বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দাপ্তরিক যোগাযোগ ও অনলাইন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বরের বিপরীতে নিবন্ধিত সিম কার্ড সক্রিয় রাখার জন্য প্রতিষ্ঠান প্রধানদের বলা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বোর্ডের পক্ষ থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদরাসা শিক্ষা বোর্ডের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম এবং অনলাইনভিত্তিক সেবা পরিচালনার ক্ষেত্রে প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বরের সঙ্গে সংযুক্ত নির্দিষ্ট সিম কার্ড ব্যবহার করা হবে। তাই সংশ্লিষ্ট সিমটি সচল ও ব্যবহারযোগ্য থাকা প্রয়োজন।
বোর্ড জানিয়েছে, ইআইআইএন নম্বরের বিপরীতে নিবন্ধিত সিম কার্ড বন্ধ বা অকার্যকর থাকলে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রয়োজনীয় দাপ্তরিক যোগাযোগ ব্যাহত হতে পারে। পাশাপাশি বিভিন্ন অনলাইন সেবা ব্যবহারের সময় পাঠানো ওটিপি বা ওয়ান-টাইম পাসওয়ার্ডও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পৌঁছাবে না।
এতে অনলাইন কার্যক্রমে জটিলতা তৈরি হওয়ার পাশাপাশি বোর্ডের সঙ্গে প্রতিষ্ঠানগুলোর যোগাযোগেও বিঘ্ন ঘটতে পারে।
এ পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট মাদরাসাগুলোর প্রধানদের দ্রুত তাদের প্রতিষ্ঠানের ইআইআইএনভিত্তিক সিম কার্ডের কার্যকারিতা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড।
বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, দাপ্তরিক যোগাযোগ এবং অনলাইন সেবাগুলো স্বাভাবিক রাখতে এ বিষয়ে প্রতিষ্ঠান প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
সদ্য সংবাদ/এসএস