কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ জানিয়েছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ঘটনাটিকে দুঃখজনক ও কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে সাদিয়া আয়মান জানান, সালমান মুক্তাদিরের মতো একজন ব্যক্তির কর্মস্থলে এ ধরনের হামলার ঘটনা তাকে হতাশ করেছে। তার ভাষ্য, স্টুডিওতে ঘটে যাওয়া ঘটনাটি অত্যন্ত কষ্টদায়ক এবং এমন পরিস্থিতি কাম্য নয়।
পোস্টে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও অনিয়ম নিয়ে নিজের ক্ষোভও প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি অভিযোগ করেন, সমাজে এমন কিছু মানুষ রয়েছে যারা অন্যের ভালো কাজ বা সাফল্য মেনে নিতে পারে না। এ ধরনের পরিস্থিতিকে তিনি লজ্জাজনক বলেও উল্লেখ করেন।
পরে নিজের পোস্টের মন্তব্যের ঘরে কয়েকজনের সমালোচনার জবাব দেন সাদিয়া। সেখানে তিনি দাবি করেন, যারা চাঁদাবাজির পক্ষে অবস্থান নিয়ে মন্তব্য করছেন, তাদের উদ্দেশ্যেই তার মূল বক্তব্য ছিল।
কমেন্টে তিনি আরও লেখেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের করা মন্তব্য ভবিষ্যতেও থেকে যায় এবং একসময় পরিবারের সদস্যদের কাছেও সেগুলো দৃশ্যমান হতে পারে। একই সঙ্গে সমালোচকদের আচরণ নিয়েও কঠোর ভাষায় মন্তব্য করেন তিনি।
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনা নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে। এর মধ্যেই সাদিয়া আয়মানের প্রতিক্রিয়াও নতুন করে আলোচনায় এসেছে।
সদ্য সংবাদ/এসএস