বাংলাদেশের রক সংগীতের জনপ্রিয় মুখ মাহফুজ আনাম জেমসের জন্মদিন আজ। গিটার হাতে স্বতন্ত্র গায়কী আর দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য শ্রোতার ভালোবাসা পাওয়া এই শিল্পী ‘নগর বাউল’ নামে পরিচিত। কয়েক দশক পেরিয়েও তার গান ও পরিবেশনা এখনো শ্রোতাদের মধ্যে তৈরি করে আলাদা উন্মাদনা।
জন্মদিন নিয়ে বিশেষ আয়োজন বা আনুষ্ঠানিকতায় আগ্রহী নন জেমস। নিজের জন্মদিন সম্পর্কে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, মানুষের জীবনে জন্মের দিনটি একবারই আসে। এরপর মৃত্যুদিন ছাড়া আলাদা করে জন্মদিন উদযাপনের বিষয়টি তিনি সেভাবে দেখেন না। বিশেষ দিনটিও পরিবারের সঙ্গে স্বাভাবিকভাবেই সময় কাটাতে পছন্দ করেন বলে জানান এই শিল্পী।
জেমস মনে করেন, সংগীত ও সংস্কৃতির পরিবর্তন স্বাভাবিক একটি প্রক্রিয়া। সময়ের সঙ্গে শিল্পচর্চার ধরন বদলালেও মানুষের সৃষ্টিশীলতা থেমে থাকে না। তার ভাষায়, সংস্কৃতি নদীর মতো নিজস্ব গতিতে এগিয়ে চলে। তাকে আটকে রাখার চেষ্টা করলে বরং সেই প্রবাহ বাধাগ্রস্ত হয়।
সংগীতকে মানুষের সঙ্গে ভাগ করে নেওয়ার বিষয়টিকেও গুরুত্ব দেন জেমস। তার মতে, গান তৈরি হয় মানুষের শোনার ও গাওয়ার জন্য। তাই শিল্পীরা নিজেদের মতো করে গান তৈরি করবেন এবং শ্রোতারাও নিজেদের পছন্দ অনুযায়ী তা গ্রহণ করবেন এটাই সংস্কৃতির স্বাভাবিক ধারা।
১৯৬৪ সালের ২ অক্টোবর নওগাঁয় জন্ম নেওয়া জেমসের শৈশব ও বেড়ে ওঠার বড় একটি সময় কেটেছে চট্টগ্রামে। সংগীতের প্রতি গভীর আগ্রহ থেকেই একসময় পরিবারের সঙ্গে মতবিরোধের পর ঘর ছাড়েন তিনি। চট্টগ্রামের আজিজ বোর্ডিংয়ে শুরু হয় তার সংগীতজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়।
দীর্ঘ ক্যারিয়ারে জেমস উপহার দিয়েছেন বেশ কিছু জনপ্রিয় অ্যালবাম। এর মধ্যে রয়েছে ‘লেইস ফিতা লেইস’, ‘নগর বাউল’, ‘দুষ্টু ছেলের দল’, ‘পালাবে কোথায়’, ‘দুঃখিনী দুঃখ করো না’, ‘আমি তোমাদেরই লোক’ ও ‘কাল যমুনা’।
তার কণ্ঠে গাওয়া ‘তারায় তারায়’, ‘সুলতানা বিবিয়ানা’, ‘হতেও পারে এই দেখা শেষ দেখা’, ‘কবিতা তুমি স্বপ্নচারিণী’, ‘দিদিমনি’, ‘বাবা কত দিন দেখি না তোমায়’সহ বহু গান শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পেয়েছে।
শুধু ব্যান্ড সংগীতেই নয়, চলচ্চিত্রের গানেও নিজের স্বাক্ষর রেখেছেন জেমস। সংগীতে অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বাংলাদেশের পাশাপাশি বলিউডের চলচ্চিত্রেও প্লেব্যাক করে পরিচিতি পেয়েছেন তিনি। ‘ভিগি ভিগি’, ‘চাল চালে’, ‘আলবিদা’, ‘রিশতে’ ও ‘বেবাসি’র মতো হিন্দি গানও ভারতীয় শ্রোতাদের মধ্যে জনপ্রিয় হয়েছে।
দীর্ঘ সংগীতযাত্রায় নানা পরিবর্তনের সাক্ষী হলেও জেমস এখনো তার নিজস্ব গায়কী ও পরিবেশনার মাধ্যমে শ্রোতাদের কাছে আলাদা জায়গা ধরে রেখেছেন। জন্মদিনে প্রিয় এই শিল্পীকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও শুভেচ্ছা জানাচ্ছেন ভক্তরা।
সদ্য সংবাদ/এসএস