জাতীয় পর্যায়ের সৌন্দর্য প্রতিযোগিতায় সেরা হওয়ার পর এবার দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন আফসানা সুলতানা।
মানিকগঞ্জ থেকে উঠে এসে জাতীয় পর্যায়ের সৌন্দর্য প্রতিযোগিতায় সেরার স্বীকৃতি অর্জন করেছেন আফসানা সুলতানা। ‘ফেস অব বাংলাদেশ ২০২৬’- এর নারী বিভাগে বিজয়ী হয়ে এবার আন্তর্জাতিক অঙ্গনে পা রাখার অপেক্ষায় রয়েছেন তিনি। আগামী নভেম্বরে দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিতব্য ‘ফেস অব এশিয়া ২০২৬’- এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এই তরুণী।
বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হয় ‘ফেস অব বাংলাদেশ ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে। প্রতিযোগিতার বিভিন্ন ধাপ পেরিয়ে নারী বিভাগে বিজয়ীর মুকুট ওঠে আফসানার মাথায়। একই আয়োজনে পুরুষ বিভাগে সেরা নির্বাচিত হন অদিত সারজিল কোরেশি।
আফসানা সুলতানার বেড়ে ওঠা মানিকগঞ্জে। তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। বর্তমানে Apply Dhaka.com- এ স্টুডেন্ট কাউন্সেলর হিসেবে কাজ করছেন। চাকরির পাশাপাশি মডেলিংয়ের প্রতি নিজের আগ্রহ ধরে রেখেছেন এবং সুযোগ পেলেই এ অঙ্গনে নিজেকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
সৌন্দর্য প্রতিযোগিতায় আফসানার অংশগ্রহণ অবশ্য নতুন নয়। ২০২৪ সালে ‘মিস বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা ১৫ প্রতিযোগীর তালিকায় জায়গা করে নিয়েছিলেন তিনি। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার ‘ফেস অব বাংলাদেশ ২০২৬’-এ বিজয়ী হয়ে নিজের অর্জনের ঝুলিতে যোগ করলেন নতুন সাফল্য।
জাতীয় পর্যায়ের এই স্বীকৃতি আফসানাকে নিয়ে যাচ্ছে আন্তর্জাতিক প্রতিযোগিতার মঞ্চে। দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠেয় ‘ফেস অব এশিয়া ২০২৬’- এ অংশ নিয়ে এশিয়ার বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে নিজের দক্ষতা তুলে ধরার সুযোগ পাবেন তিনি।
মানিকগঞ্জের এই তরুণীর সামনে এখন নতুন চ্যালেঞ্জ আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা। জাতীয় পর্যায়ের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে সেখানে কেমন করেন আফসানা, সেদিকেই নজর থাকবে তাঁর শুভাকাঙ্ক্ষী ও সৌন্দর্য প্রতিযোগিতাপ্রেমীদের।
সদ্য সংবাদ/এসকে