দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাব অনুযায়ী, একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৪৯ শিশু।
শুক্রবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার পরিস্থিতি তুলে ধরা হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১০ এপ্রিল থেকে শুক্রবার সকাল পর্যন্ত দেশে ২ লাখ ২ হাজার ৮৯৩ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ২৬৮ শিশুর।
অন্যদিকে, একই সময়ে পরীক্ষার মাধ্যমে আরও ৮১ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে দেশে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়া শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ১৯৭।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০৪ শিশু।
সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৪৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, নিশ্চিত হামজনিত মৃত্যু এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যুর হিসাব আলাদাভাবে বিবেচনা করা হচ্ছে। ফলে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যাকে নিশ্চিত হামজনিত মৃত্যু হিসেবে গণ্য করা হচ্ছে না।
সদ্য সংবাদ/এসকে