দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩০০ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৫ জনে।
শুক্রবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি খুলনা বিভাগের বাসিন্দা। নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে। শুধু ঢাকাতেই ভর্তি হয়েছেন ৪১৪ জন।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩১৮ জন, খুলনায় ২৭৪, বরিশালে ১৪১, রংপুরে ৮০, ময়মনসিংহে ৬৯ এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯৫ হাজার ৪৫১ জন। একই সময়ে প্রাণ হারিয়েছেন ২৯৫ জন।
দেশে ডেঙ্গুর প্রকোপ এর আগেও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। ২০২৩ সালে এ রোগে আক্রান্ত হয়েছিলেন তিন লাখ ২১ হাজারের বেশি মানুষ। সে বছর ডেঙ্গুতে মারা যান রেকর্ড এক হাজার ৭০৫ জন।
পরবর্তী বছর ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। আর ২০২৫ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ২ হাজার ৮৬১ জন; প্রাণ হারান ৪১৩ জন।
চলতি বছরও ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় রোগটির বিস্তার নিয়ন্ত্রণে সতর্কতা ও প্রতিরোধমূলক পদক্ষেপের গুরুত্ব আরও বেড়েছে।
সদ্য সংবাদ/এসকে