ভারতের রাজস্থানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়েছে ককরোচ জনতা পার্টির (সিজেপি) একটি প্রতিনিধিদল। এ ঘটনায় দলের কয়েকজন কর্মী আহত হওয়ার পাশাপাশি একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (২১ আগস্ট) রাজস্থানের বগরু বিধানসভা এলাকার রামপুরা কানওয়ারপুরা গ্রামে ঘটনাটি ঘটে।
জানা গেছে, সিজেপির সহ-প্রতিষ্ঠাতা আশুতোষ রাঙ্কার নেতৃত্বে একটি দল স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের উদ্দেশ্যে ওই এলাকায় যায়। গ্রামে পৌঁছানোর পর একদল মানুষ তাদের পথ আটকে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রতিনিধিদলের সদস্যদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ।
সিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলাকারীরা তাদের দলের সদস্যদের ‘দেশবিরোধী’, ‘আরবান নকশাল’ ও ‘পাকিস্তানি’ বলে কটূক্তি করে। পরে ধাওয়া করে কয়েকজনকে মারধর করা হয়। হামলায় একজনের হাত ভেঙে গেছে এবং কয়েকটি মোবাইল ফোন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও অভিযোগ করেছে দলটি।
প্রতিনিধিদলের সদস্য শিবাঙ্গী শর্মার অভিযোগ, ঘটনাস্থলে থাকা কয়েকজন নারী সদস্যকেও হেনস্তার শিকার হতে হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বিদ্যালয় পরিদর্শন না করেই তাদের সেখান থেকে ফিরে আসতে হয়।
সিজেপির সহ-প্রতিষ্ঠাতা আশুতোষ রাঙ্কা বলেন, স্থানীয় বাসিন্দাদের আমন্ত্রণের ভিত্তিতেই তারা বিদ্যালয়টি দেখতে গিয়েছিলেন। তাদের সফরের বিষয়টি আগেই পুলিশকে জানানো হয়েছিল বলেও দাবি করেন তিনি। তার অভিযোগ, স্থানীয় বিজেপির এক নেতার উসকানিতে বাইরে থেকে লোকজন এনে হামলা চালানো হয়েছে।
তবে বিজেপির পক্ষ থেকে এ অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে। জয়পুরের বিধায়ক স্বামী বালমুকুন্দাচার্যের দাবি, স্থানীয় বাসিন্দারাই সিজেপির প্রতিনিধিদলের উপস্থিতির বিরোধিতা করেছিলেন। শিশুদের পড়াশোনায় যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে কারণেই তারা আপত্তি জানিয়েছেন বলে দাবি করেন তিনি।
ঘটনাকে কেন্দ্র করে রাজস্থান বিধানসভাতেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে ক্ষমতাসীন বিজেপি ও বিরোধী কংগ্রেসের সদস্যদের মধ্যে বাকবিতণ্ডা হয়।
কংগ্রেসের রাজ্য সভাপতি গোবিন্দ সিং ডোটাসরা এ ঘটনার জন্য বিজেপিকে দায়ী করেন। বিপরীতে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জওহর সিং বেধাম অভিযোগ করেন, সিজেপিকে সামনে রেখে কংগ্রেসই এলাকায় অস্থিরতা তৈরির চেষ্টা করছে।
ঘটনাটি নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলার বিষয়ে বিস্তারিত তদন্তের দাবি জানিয়েছে সিজেপি।
সূত্র: এনডিটিভি
সদ্য সংবাদ/এসএস