রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতে ভূমিধসের আশঙ্কা দেখা দেওয়ায় জাপানের কাগোশিমা প্রদেশের ইয়াকুশিমা শহরে সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা।
শনিবার (৫ সেপ্টেম্বর) জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) এ সতর্কতা জারি করে। সংস্থাটি জানিয়েছে, ইয়াকুশিমায় অস্বাভাবিক ও ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এতে ভূমিধসপ্রবণ এলাকাগুলোতে বড় ধরনের দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে।
জেএমএ বলছে, পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বৃষ্টি অব্যাহত থাকায় যেকোনো সময় ভূমিধসের ঘটনা ঘটতে পারে। এ কারণে বাসিন্দাদের নিজেদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত আশ্রয়কেন্দ্রে যাওয়া যদি কোনো কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে, তাহলে পাহাড়ের ঢাল ও নদী-নালার কাছাকাছি এলাকা এড়িয়ে তুলনামূলক নিরাপদ ভবনে আশ্রয় নিতে হবে।
আবহাওয়া সংস্থাটি আরও সতর্ক করেছে, আলাদা করে আরও কঠোর সতর্কবার্তা জারির অপেক্ষা করলে নিরাপদে সরে যাওয়ার পর্যাপ্ত সময় নাও পাওয়া যেতে পারে। তাই পরিস্থিতির অবনতি হওয়ার আগেই নিজেদের এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।
এদিকে সাম্প্রতিক সময়ে হিমবাহ ও ভূমিধসের ঘটনায় নেপাল ও চীনের বিভিন্ন এলাকায় প্রাণহানির খবর পাওয়া গেছে। এর মধ্যেই জাপানে নতুন করে ভূমিধসের আশঙ্কা তৈরি হওয়ায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে সতর্কতা জোরদার করা হয়েছে।
সদ্য সংবাদ/এসকে