নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে তাদের কাছে নতুন কোনো তথ্য নেই।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এবং ব্রিকসের আউটরিচ অধিবেশনে তার অংশগ্রহণ নিয়ে জানতে চান সাংবাদিকরা। জবাবে রণধীর জয়সওয়াল বলেন, এ বিষয়ে এই মুহূর্তে জানানোর মতো নতুন কোনো তথ্য তার কাছে নেই।
তিনি বলেন, বিভিন্ন দেশ ও সরকারপ্রধানের অংশগ্রহণ নিয়ে তথ্য হালনাগাদ করার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তা জানানো হবে। এ বিষয়ে পরবর্তী ঘোষণার জন্য অপেক্ষা করার আহ্বান জানান তিনি।
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনের অংশ হিসেবে আয়োজিত আউটরিচ অধিবেশনে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তবে ভারতের আমন্ত্রণের পরও ওই অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে শেষ পর্যন্ত কে অংশ নেবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি।
তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গে রণধীর জয়সওয়াল বলেন, ‘এ বিষয়ে আপনাদের জানানোর মতো আমার কাছে কোনো নতুন তথ্য নেই।’
অংশগ্রহণকারী রাষ্ট্র ও সরকারপ্রধানদের তালিকা সম্পর্কে তিনি বলেন, বিভিন্ন দেশের অংশগ্রহণের বিষয়ে হালনাগাদ তথ্য সময়মতো জানানো হবে। ভারতের পক্ষ থেকে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত অপেক্ষা করার কথাও জানান তিনি।
ফলে ব্রিকসের আউটরিচ অধিবেশনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা।
সদ্য সংবাদ/এসকে