মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও নির্বাহী সহকারী নাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার দিয়েছেন তিনি। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ৫৫ লাখ ৩৫ হাজার টাকা।
বুধবার (৯ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের আরও দুই নারী কর্মী মার্গো মার্টিন ও চেম্বারলেইন হ্যারিসও ট্রাম্পের কাছ থেকে সমপরিমাণ অর্থ পেয়েছেন।
বার্ষিক আর্থিক বিবরণীতে ওই তিন কর্মী উপহার হিসেবে পাওয়া অর্থকে ‘ছুটির দিনের উপহার’ হিসেবে উল্লেখ করেছেন। তবে এ অর্থ তাদের সরকারি দায়িত্ব পালনের সঙ্গে সম্পৃক্ত নয় বলে জানিয়েছে হোয়াইট হাউস।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রায় নিয়মিতই প্রেসিডেন্টের পাশে দেখা যায় নাটালি হার্পকে। প্রেসিডেন্টের বিভিন্ন কাজের অংশ হিসেবে তার হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট প্রস্তুত করা এবং প্রয়োজনীয় নথি ও তথ্য প্রিন্ট করে দেওয়ার দায়িত্বও পালন করেন তিনি। এ কারণেই হোয়াইট হাউসের অন্দরমহলে হার্প ‘মানব প্রিন্টার’ নামে পরিচিত হয়ে উঠেছেন।
কংগ্রেসে দাখিল করা বার্ষিক তথ্য অনুযায়ী, প্রেসিডেন্টের বিশেষ সহকারী ও নির্বাহী সহকারী হিসেবে হার্পের বার্ষিক বেতন ১ লাখ ৫০ হাজার ডলার।
হোয়াইট হাউসের এক মুখপাত্র জানিয়েছেন, ঘনিষ্ঠ সহকর্মীদের বড়দিনে উপহার দেওয়ার দীর্ঘদিনের রীতি রয়েছে ট্রাম্পের। তার ব্যক্তিগত পরিসরের কর্মী ও সহকারীরাও এ উপহারের আওতায় থাকেন।
মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, কর্মীদের দেওয়া এসব উপহারের সঙ্গে তাদের সরকারি দায়িত্ব বা কাজের কোনো যোগসূত্র নেই। তাই প্রযোজ্য আইন ও নৈতিকতার বিধান বিবেচনায় উপহারগুলো বৈধ বলেই মনে করে হোয়াইট হাউস।
সদ্য সংবাদ/এসএস