সিরিয়ার ইদলিব প্রদেশের সারমাদা শহরের কাছে একটি অস্থায়ী অস্ত্রগুদামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।
বুধবার (৯ সেপ্টেম্বর) যুদ্ধাস্ত্র ও যুদ্ধের অবশিষ্টাংশ রাখার জন্য ব্যবহৃত ওই গুদামে বিস্ফোরণটি ঘটে বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে জানানো হয়েছে।
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অন্যত্র সরিয়ে নেওয়ার আগ পর্যন্ত অস্ত্র ও যুদ্ধের অবশিষ্টাংশ সাময়িকভাবে ওই স্থানে রাখা হয়েছিল। বিস্ফোরণে আহত ব্যক্তিদের মধ্যে মন্ত্রণালয়ের কয়েকজন কর্মীও রয়েছেন।
ঘটনার পর উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সিভিল ডিফেন্স এবং দমকল বাহিনীর সদস্যদের পাঠানো হয়। তবে একের পর এক বিস্ফোরণ ঘটতে থাকায় আগুন নেভানোর কাজে বাধার সৃষ্টি হয়।
বিস্ফোরণের পর কয়েক ঘণ্টা ধরে স্থাপনাটি থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। তবে কী কারণে ওই গুদামে বিস্ফোরণ ঘটেছে, সে বিষয়ে এখনো কোনো কারণ জানায়নি সিরিয়ার কর্তৃপক্ষ।
এর আগে গত ১ সেপ্টেম্বর একই প্রদেশের বিনিশ শহরে গোলাবারুদ বহনকারী একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, ওই ঘটনায় পাঁচজন নিহত হন এবং আরও কয়েকজন আহত হন।
সদ্য সংবাদ/ এআর