হরমুজ প্রণালির আশপাশে মার্কিন কোনো যুদ্ধজাহাজ প্রবেশ করলে ইরানি বাহিনী তা প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। একই সঙ্গে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবিও প্রত্যাখ্যান করেছে তেহরান।
ইরানের সংবাদমাধ্যম ফারস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক কমান্ডার মার্কিন নৌবাহিনীকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, হরমুজ প্রণালি যদি সত্যিই যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকে, তাহলে একটি মার্কিন যুদ্ধজাহাজকে প্রণালির ১০০ কিলোমিটারের মধ্যে নিয়ে আসতে হবে।
ইরানি ওই কর্মকর্তা বলেন, ‘হরমুজ প্রণালি যদি আমেরিকার নিয়ন্ত্রণে থাকে, তাহলে আপনাদের একটি যুদ্ধজাহাজ ১০০ কিলোমিটারের মধ্যে নিয়ে আসুন।’
তিনি আরও দাবি করেন, হরমুজের আশপাশে মার্কিন কোনো যুদ্ধজাহাজ এগিয়ে এলে ইরানি বাহিনী কী ধরনের প্রতিক্রিয়া জানাবে, সে বিষয়ে যুক্তরাষ্ট্র ভালোভাবেই অবগত। সাম্প্রতিক সময়েও এ ধরনের কয়েকটি ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।
হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ ও উত্তেজনা রয়েছে। পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করা এই জলপথ বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিকভাবে পরিবহন করা বিপুল পরিমাণ তেল ও গ্যাসের একটি বড় অংশ এই পথ দিয়ে যায়।
এমন গুরুত্বপূর্ণ একটি নৌপথ ঘিরে ইরানের সর্বশেষ হুঁশিয়ারি দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা আরও বাড়াতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও সেখানে মার্কিন সামরিক উপস্থিতি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের পাল্টাপাল্টি অবস্থান পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলেছে।
সদ্য সংবাদ/এসকে