মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিন ও ইসরায়েলকে নিয়ে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের ‘ধীরে ধীরে দখল বাড়ানোর’ প্রক্রিয়া বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহ শুরুর আগে বুধবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গুতেরেস।
গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের দুর্ভোগের কথা তুলে ধরে জাতিসংঘ মহাসচিব বলেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে ফিলিস্তিনি জনগণের ভয়াবহ সংকট ভুলে যাওয়ার সুযোগ নেই। গাজার জন্য ঘোষিত শান্তি পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়নের পাশাপাশি সেখানে বাধাহীনভাবে মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
গুতেরেস বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানো, কূটনীতি ও সংলাপকে অগ্রাধিকার দিতে হবে। বেসামরিক মানুষের ক্ষতি করে- এমন সব কর্মকাণ্ড বন্ধ করার পাশাপাশি মানবিক কার্যক্রম নিরাপদ ও বাধাহীনভাবে পরিচালনার সুযোগ দিতে হবে।
অধিকৃত পশ্চিম তীরের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব। সেখানে ইসরায়েলের ‘ধীরে ধীরে দখল বাড়ানোর’ প্রক্রিয়া বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনাকে আরও ঝুঁকির মধ্যে ফেলছে।
গাজায় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন গুতেরেস। তার মতে, একটি ন্যায়সঙ্গত, দীর্ঘস্থায়ী ও পূর্ণাঙ্গ শান্তির পথে এগোতে যুদ্ধবিরতি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হতে পারে।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য ফিলিস্তিন-ইসরায়েল সংকটের রাজনৈতিক সমাধান জরুরি। আর সেই সমাধানের কেন্দ্রে থাকতে হবে দুই রাষ্ট্রভিত্তিক ব্যবস্থা।
সদ্য সংবাদ/এসকে