যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ ও উত্তেজনার মধ্যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার নিউইয়র্কে পৌঁছান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
জাতিসংঘের উচ্চপর্যায়ের বৈঠক চলাকালে আঞ্চলিক পরিস্থিতি ও সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে আরাগচির আলোচনা হওয়ার কথা রয়েছে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়েও এসব বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে মঙ্গলবার নিউইয়র্কে যাওয়ার কথা রয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের। বুধবার সকালে সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি।
পেজেশকিয়ানের ভাষণে আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে ইরানের অবস্থান তুলে ধরার পাশাপাশি চলমান আঞ্চলিক পরিস্থিতি নিয়েও বক্তব্য আসতে পারে। সফরকালে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠকেরও কথা রয়েছে।
ইরানের প্রেসিডেন্টের সফরসঙ্গী হিসেবে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নিউইয়র্ক যাওয়ার কথা থাকলেও তাদের কয়েকজনকে ভিসা দেওয়া হয়নি বলে জানিয়েছে আইআরএনএ। ভিসা না পাওয়া ব্যক্তিদের মধ্যে প্রেসিডেন্টের গণমাধ্যম দলের সদস্যরাও রয়েছেন।
তেহরান এ ঘটনাকে যুক্তরাষ্ট্রের বৈরী পদক্ষেপ হিসেবে দেখছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনের মূল প্রতিপাদ্য ‘আস্থা পুনরুদ্ধার, পরিবর্তন ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর জাতিসংঘ’। ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক অনুষ্ঠিত হওয়ার সূচি রয়েছে।
এই অধিবেশনে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা অংশ নিয়ে যুদ্ধ, সংঘাত, আন্তর্জাতিক নিরাপত্তা, অর্থনৈতিক সংকটসহ বৈশ্বিক নানা চ্যালেঞ্জ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরবেন।
সদ্য সংবাদ/এসএস