পেট্রোলিয়াম লেভি প্রত্যাহার ও জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ অভিমুখে চলমান লং মার্চের পরবর্তী ধাপ সাময়িকভাবে স্থগিত করেছে জামায়াতে ইসলামী। তবে কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার করা হয়নি। সরকার দাবি পূরণে কার্যকর পদক্ষেপ না নিলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মুলতানে এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির হাফিজ নাঈমুর রহমান এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ফোন করে লং মার্চ স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন এবং দলটির নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন।
হাফিজ নাঈমুর রহমান জানান, প্রধানমন্ত্রী দেশে ফেরার পর তার সঙ্গে বৈঠক করবে জামায়াতে ইসলামী। ওই বৈঠক না হওয়া পর্যন্ত মুলতানে দলটির অবস্থান কর্মসূচি চলবে। একই সঙ্গে আন্দোলন প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত হয়নি বলেও স্পষ্ট করেন তিনি।
জামায়াত আমিরের ভাষ্য, জ্বালানি তেলের দাম কমানো এবং পেট্রোলিয়াম লেভি বাতিলের দাবিতে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে তার দল। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কর্মসূচির আওতায় পাকিস্তানের বিভিন্ন প্রতিশ্রুতির কারণে পেট্রোলিয়াম লেভি কমানোর সুযোগ সীমিত।
সরকারের দেওয়া প্রস্তাবকে পর্যাপ্ত মনে করছে না জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, আন্দোলনের পরবর্তী ধাপ নিয়ে সিদ্ধান্তের আগে সরকারের কাছ থেকে লিখিত আশ্বাস প্রয়োজন।
হাফিজ নাঈম বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয়ের চাপের প্রতিবাদে এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি ও ধর্মঘট পালন করেছে জামায়াতে ইসলামী। দলটির দাবি, দেশজুড়ে ৫১০টি স্থানে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
এদিকে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কার্যালয় জানিয়েছে, নিউইয়র্ক থেকে ফোন করে জামায়াতে ইসলামীর আমিরকে ইসলামাবাদে অবস্থান কর্মসূচি স্থগিতের অনুরোধ করেন প্রধানমন্ত্রী। অর্থনৈতিকভাবে দুর্বল ও মধ্যবিত্ত মানুষের কথা বিবেচনা করে সরকার জ্বালানি পণ্যে স্বস্তি দেওয়ার চেষ্টা করছে বলেও তিনি জানান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, শেহবাজ শরিফ দেশে ফেরার পর দুই পক্ষের মধ্যে বৈঠক হবে এবং পেট্রোলিয়াম লেভি ও জনসাধারণকে স্বস্তি দেওয়ার বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে।
জামায়াতে ইসলামী জানিয়েছে, সরকারের সঙ্গে আলোচনার পাশাপাশি তাদের আন্দোলনও চলবে। পেট্রোলিয়াম লেভি বাতিল ও জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে পরবর্তী কর্মসূচি নিয়ে বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হবে।
সদ্য সংবাদ/এসকে