যুক্তরাষ্ট্র সফরে নিউইয়র্কে অবতরণের ক্ষেত্রে বিকল্প পরিকল্পনা করছে ইসরায়েল। সফরসঙ্গী হিসেবে থাকা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বহনকারী রাষ্ট্রীয় উড়োজাহাজ ‘উইং অব জায়ন’ নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরের পরিবর্তে নিউজার্সির কোনো বিমানবন্দরে নামানো হতে পারে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ।
বৃহস্পতিবারের নির্ধারিত যুক্তরাষ্ট্র সফরকে সামনে রেখে এ সিদ্ধান্তের পেছনে নিরাপত্তা, প্রশাসনিক সমন্বয় এবং নিউইয়র্কে সম্ভাব্য বিক্ষোভের বিষয়গুলো বিবেচনায় নেওয়া হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যমটির তথ্যমতে, নেতানিয়াহুর রাষ্ট্রীয় উড়োজাহাজ জেএফকে বিমানবন্দরে অবতরণ করলে সেটি সেখানে কতক্ষণ অবস্থান করতে পারবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গে এ বিষয়ে প্রশাসনিক জটিলতার আশঙ্কাও রয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
মামদানি এর আগে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার প্রসঙ্গ তুলে ধরেছেন। নিউইয়র্কে নেতানিয়াহু এলে তাকে গ্রেপ্তারের পদক্ষেপ নেওয়ার কথা তিনি বলেছেন বলে ইসরায়েলি সংবাদমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ পরিস্থিতিতে ‘উইং অব জায়ন’কে নিউজার্সির একটি সামরিক স্থাপনা অথবা নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত কোথায় নেওয়া হবে, তা নিয়ে প্রতিবেদনটিতে নিশ্চিত কোনো তথ্য দেওয়া হয়নি।
নেতানিয়াহুর নিউইয়র্ক অবস্থান নিয়েও পরিবর্তন আনার কথা বলা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকটি সূত্রের বরাত দিয়ে ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, সম্ভাব্য বিক্ষোভ ও প্রতিবাদের বিষয়টি বিবেচনায় নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নিউইয়র্কে রাতযাপন না করে সফরসূচি সংক্ষিপ্ত করতে পারেন।
এদিকে যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের সঙ্গে নেতানিয়াহুর পূর্বনির্ধারিত বৈঠকও বাতিল করা হয়েছে। সফরসূচি ও উড়োজাহাজের জ্বালানি সংক্রান্ত সমন্বয় এবং মার্কিন পক্ষের কিছু পছন্দের কারণে বৈঠকটি আর হচ্ছে না বলে ইসরায়েলি একটি সূত্রের বরাতে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
তবে বিমানবন্দর পরিবর্তন, সফরসূচি সংক্ষিপ্ত করা এবং মাস্কের সঙ্গে বৈঠক বাতিলের বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য প্রতিবেদনে পাওয়া যায়নি।
সদ্য সংবাদ/এসএস