ইরানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে কলম্বিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৯ সেপ্টেম্বর থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তবে দুই দেশের নাগরিকদের কনস্যুলার সেবা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিষয়টি প্রকাশ করে বোগোতা। দেশটির সরকারের দাবি, জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তঃদেশীয় অপরাধ দমনের নীতিকে সামনে রেখেই তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ইতি টানা হয়েছে।
কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইরান সরকারের সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসী ও মাদক-সন্ত্রাসী গোষ্ঠীর কথিত যোগাযোগের বিষয়টি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে বিস্তারিত প্রমাণ প্রকাশ করেনি দেশটি।
এ ছাড়া মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের বিভিন্ন ঘটনাও কলম্বিয়ার সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে জানিয়েছে সরকার। হরমুজ প্রণালিতে নৌযান চলাচলে বাধা, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) কার্যক্রমে প্রতিবন্ধকতার বিষয়গুলোও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
তবে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলেও নাগরিকদের প্রয়োজনীয় সেবা অব্যাহত রাখতে কনস্যুলার সম্পর্ক বজায় রাখার কথা স্পষ্ট করেছে কলম্বিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ বিষয়ে ইরানি কর্তৃপক্ষকে পরবর্তী প্রক্রিয়া জানানো হবে।
প্রসঙ্গত, কলম্বিয়া ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের সূচনা হয় ১৯৭৫ সালে। বিভিন্ন সময়ে প্রতিনিধিত্বের স্তরে পরিবর্তন এলেও দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বজায় ছিল।
সদ্য সংবাদ/এসএস