ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ৬০ শতাংশ থেকে কমানোর কোনো পরিকল্পনা ইরানের নেই- এমন অবস্থানের কথা জানিয়েছেন দেশটির পার্লামেন্টের অভ্যন্তরীণ বিষয়ক ও পরিষদ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সালেহ জোকার। তাঁর দাবি, পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের পাশাপাশি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানি জনগণের আইনসম্মত অধিকার।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজে দেওয়া জোকারের বক্তব্যের বরাতে এ তথ্য জানানো হয়।
জোকার বলেন, বিভিন্ন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার ইরানের জনগণের মৌলিক অধিকারের অংশ। এই অধিকার থেকে দেশটি সরে আসবে না বলেও তিনি স্পষ্ট করেন।
তবে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, শিল্প উৎপাদন, চিকিৎসা, কৃষি ও বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন শান্তিপূর্ণ খাতে পারমাণবিক প্রযুক্তির ব্যবহার অব্যাহত রাখা প্রয়োজন।
৬০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রয়োজন নেই- এমন বক্তব্যের সমালোচনা করে জোকার বলেন, এটি মূলত ইরানের প্রতিপক্ষদের প্রত্যাশা। তাঁর মতে, সমৃদ্ধকরণের ক্ষেত্রে ইরানি জনগণের অধিকার রক্ষা করা জরুরি।
ইরানের এই অবস্থান এমন এক সময়ে সামনে এলো, যখন দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে উদ্বেগ ও আলোচনা চলছে।
সূত্র: আল জাজিরা
সদ্য সংবাদ/এসকে