আন্তর্জাতিক পরমাণু পরিদর্শকদের ইরানে প্রবেশের সুযোগ দেওয়ার বিষয়ে আলোচনায় সমঝোতায় পৌঁছানোর ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে এ ক্ষেত্রে চলমান আলোচনার মাধ্যমে নির্দিষ্ট শর্ত ও চুক্তি চূড়ান্ত করার কথা জানিয়েছেন তিনি।
শুক্রবার যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন পেজেশকিয়ান। শনিবার এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মিডল ইস্ট আই।
সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করা হয়, জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না। জবাবে তিনি বলেন, পরিদর্শনের বিষয়ে আলোচনার মাধ্যমে সমঝোতা ও চুক্তিতে পৌঁছানো সম্ভব।
পেজেশকিয়ান বলেন, আন্তর্জাতিক কাঠামোর আওতায় ইরানের পরমাণু স্থাপনাগুলো নিয়ে পরিদর্শনের বিষয়টি আলোচনার মাধ্যমে নির্ধারণ করা যেতে পারে। তাঁর বক্তব্য অনুযায়ী, নতুন করে আলোচনার অংশ হিসেবেই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া সম্ভব।
একই সাক্ষাৎকারে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে- এমন অভিযোগও প্রত্যাখ্যান করেন পেজেশকিয়ান। তিনি বলেন, পারমাণবিক অস্ত্র তৈরি করা ইসলামী দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ।
ইরানের প্রেসিডেন্টের ভাষ্য, দেশটির কেউ পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে আগ্রহী হলেও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সে পথে যাওয়ার অনুমতি নেই।
এদিকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তেহরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। পরমাণু স্থাপনায় আন্তর্জাতিক পরিদর্শন এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা নিয়ে আলোচনার মধ্যেই পেজেশকিয়ানের নতুন এই বক্তব্য সামনে এলো।
পেজেশকিয়ানের বক্তব্য এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে কূটনৈতিক আলোচনা ফের শুরুর চেষ্টা চলছে। একই সঙ্গে ইরান পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসার পাশাপাশি পরমাণু স্থাপনায় পরিদর্শনের বিষয়েও সমঝোতার ইঙ্গিত দিয়েছে।
সদ্য সংবাদ/এসকে