যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ে ব্যাপক দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রবল বৃষ্টি, আকস্মিক বন্যা ও ঝোড়ো বাতাসে বিভিন্ন এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় নিউইয়র্ক ও নিউ জার্সির কয়েকটি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
ঝড়ের প্রভাবে শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত ৪০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়। পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ৮৮ হাজারের বেশি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দিনের শুরুতে বিদ্যুৎহীন গ্রাহকের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ছাড়িয়ে যায়। পরে বিদ্যুৎ সরবরাহ কিছুটা স্বাভাবিক হওয়ায় সেই সংখ্যা কমে ৮৮ হাজারে নেমে আসে।
মেরিল্যান্ডের কলেজ পার্কে ন্যাশনাল ওয়েদার সার্ভিসের প্রধান আবহাওয়াবিদ বব ওরাভেক জানিয়েছেন, ঝড়ের প্রভাব দ্রুত কাটছে না। আগামী কয়েক দিন উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় শক্তিশালী বাতাস, ভারী বৃষ্টি ও স্বাভাবিকের তুলনায় উঁচু জোয়ার অব্যাহত থাকতে পারে।
বন্যা ও জলোচ্ছ্বাসের আশঙ্কায় উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক করেছে স্থানীয় প্রশাসন। বিশেষ করে সমুদ্রসৈকত ও পানিতে তলিয়ে যাওয়া অঞ্চল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলও জনসাধারণকে সতর্ক করে বলেছেন, পানির কাছাকাছি যাওয়া কিংবা প্লাবিত এলাকায় প্রবেশ করলে জীবনহানির ঝুঁকি তৈরি হতে পারে।
তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও কিছু এলাকায় ভিন্ন চিত্র দেখা গেছে। লং আইল্যান্ডের প্লাবিত সড়কে কয়েকজনকে কায়াকিং করতে দেখা যায়। নিউ হ্যাম্পশায়ারের হ্যাম্পটনেও বড় ঢেউ দেখতে ভিড় করেন অনেকে।
মেরিল্যান্ডের ওশান সিটির বাসিন্দা জে বয়েড এপিকে জানান, এলাকার খালগুলোতে পানির উচ্চতা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। অনেক বাড়ির পেছনের উঠান পর্যন্ত পানি ঢুকে পড়েছে।
এদিকে ঝড়ের কারণে শুধু যোগাযোগব্যবস্থাই নয়, বিনোদন ও ক্রীড়া আয়োজনেও প্রভাব পড়েছে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কনসার্ট ও ক্রীড়া অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত প্রায় ৪২৫টি ফ্লাইট বাতিল হয়েছে। একই সময়ে ১ হাজার ৩৩৮টি ফ্লাইট বিলম্বের মুখে পড়ে।
আবহাওয়া কর্মকর্তারা বলছেন, আগামী কয়েক দিনও ঝোড়ো বাতাস, ভারী বৃষ্টি ও উঁচু জোয়ারের কারণে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থাকতে পারে।
সদ্য সংবাদ/এসএস