আগাম ঘোষণা ছাড়াই সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আবুধাবিতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে গোপন বৈঠক করেছেন তিনি। ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।
প্রতিবেদন অনুযায়ী, রোববার (২৭ সেপ্টেম্বর) ব্যক্তিগত একটি বিমানে করে আবুধাবির উদ্দেশে রওনা হন নেতানিয়াহু। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, দুপুরের পর তিনি আবুধাবিতে পৌঁছান এবং সেখানে প্রায় চার ঘণ্টা অবস্থান করেন।
সফরের বিষয়টি আগে থেকে প্রকাশ্যে না আসায় নেতানিয়াহুর এই যাত্রাকে গোপন সফর হিসেবে উল্লেখ করা হয়েছে। বৈঠকটি নিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যমে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হলেও নেতানিয়াহুর দপ্তর এবং সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কেএএনের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়েছে, নেতানিয়াহু এমন একটি ব্যক্তিগত বিমানে করে সফর করেন, যার মালিক একজন ইসরায়েলি ব্যবসায়ী। উচ্চপর্যায়ের ইসরায়েলি কর্মকর্তারা আন্তর্জাতিক সফরের ক্ষেত্রে আগে থেকেই বিমানটি ব্যবহার করে থাকেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আবুধাবিতে নেতানিয়াহু ও শেখ মোহাম্মদ বিন জায়েদের বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে প্রকাশ্যে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও আমিরাতের মধ্যে নিরাপত্তা ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে যোগাযোগ বাড়ার খবর এসেছে।
এর আগে চলতি বছরের মার্চেও নেতানিয়াহুর আমিরাত সফর ও শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সে সময় সফরের বিষয়টি নিয়ে দুই পক্ষের বক্তব্যে পার্থক্য দেখা যায়। ফলে এবারের অঘোষিত সফরও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে গুরুত্ব পেয়েছে।
সদ্য সংবাদ/এসকে