বাংলাদেশসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট ধরনের ওষুধে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) প্রকাশিত তালিকায় এসব দেশ ও অঞ্চলের নাম উল্লেখ করা হয়েছে।
নতুন ব্যবস্থায় মূলত বিশেষায়িত চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন ওষুধ শূন্য শুল্কের সুবিধা পাবে। এর মধ্যে বিরল রোগের চিকিৎসার ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, রক্তরস থেকে উৎপাদিত চিকিৎসা সামগ্রী, বন্ধ্যত্ব চিকিৎসার ওষুধ এবং সেল ও জিন থেরাপির পণ্য রয়েছে। অ্যান্টিবডি-ড্রাগ কনজুগেটও এ সুবিধার আওতাভুক্ত।
এ ছাড়া রাসায়নিক, জৈবিক, তেজস্ক্রিয় ও পারমাণবিক ঝুঁকি মোকাবিলায় ব্যবহৃত নির্দিষ্ট চিকিৎসা সরঞ্জাম এবং পশু চিকিৎসায় ব্যবহৃত কিছু পণ্যেও শুল্ক ছাড় প্রযোজ্য হবে। এসব চিকিৎসা পণ্য তৈরিতে প্রয়োজনীয় সংশ্লিষ্ট উপাদানও নির্দিষ্ট ক্ষেত্রে শূন্য শুল্কের সুবিধা পেতে পারে।
তবে সব ধরনের ওষুধ এই সুবিধার আওতায় আসছে না। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের নীতিমালা অনুযায়ী, নির্দিষ্ট শূন্য শুল্ক শ্রেণির বাইরে থাকা পেটেন্টযুক্ত ওষুধে ১০০ শতাংশ শুল্ক বহাল থাকতে পারে, যদি সংশ্লিষ্ট পণ্য অন্য কোনো শুল্ক ছাড়ের যোগ্য না হয়।
এই সুবিধা দেওয়ার ক্ষেত্রে কিছু শর্তও রয়েছে। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নীতির ভিত্তিতে, যেসব দেশ বা অঞ্চলের সঙ্গে যুক্তরাষ্ট্রের কার্যকর কিংবা ভবিষ্যতে কার্যকর হতে যাওয়া বাণিজ্য ও নিরাপত্তা কাঠামো রয়েছে, সেখান থেকে আসা নির্দিষ্ট পণ্যে শূন্য শুল্ক প্রযোজ্য হতে পারে। যুক্তরাষ্ট্রের জরুরি স্বাস্থ্য চাহিদা পূরণে প্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রেও একই সুবিধা দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
বাংলাদেশ ছাড়া তালিকায় রয়েছে আর্জেন্টিনা, ভারত, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভাদর, ইউরোপীয় ইউনিয়ন, গুয়াতেমালা, ইন্দোনেশিয়া, জাপান, জর্ডান, মালয়েশিয়া, উত্তর মেসিডোনিয়া, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড ও লিশটেনস্টাইন, তাইওয়ান, থাইল্যান্ড, যুক্তরাজ্য এবং ভিয়েতনাম।
অন্যদিকে জেনেরিক ওষুধের ক্ষেত্রে আলাদা বিধান রাখা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, জেনেরিক ওষুধ এবং এগুলো তৈরির সংশ্লিষ্ট উপাদান যুক্তরাষ্ট্রের সেকশন ২৩২-এর ওষুধ শুল্কের আওতাভুক্ত নয়।
ফলে বাংলাদেশের ওষুধ রপ্তানির ক্ষেত্রে শূন্য শুল্ক সুবিধা নির্দিষ্ট বিশেষায়িত পণ্যের জন্য প্রযোজ্য হলেও, পেটেন্টযুক্ত অন্যান্য ওষুধের ক্ষেত্রে আলাদা শুল্ক কাঠামো কার্যকর থাকবে।
সদ্য সংবাদ/এসএস